দেশজুড়ে

ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেনে ভোট কেনার শঙ্কা বিএনপি প্রার্থীর

নাটোরে ইসলামী ব্যাংকের মাধ্যমে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা ব্যাংক লেনদেনের করে জামায়াত ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি প্রার্থী ড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনি কার্যালয় নাটোর শহরের আলাইপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখায় ইসলামী ব্যাংকে ঢাকা থেকে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ কোটি টাকা পাঠানোর হয়েছে। নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ইতোপূর্বে এ ধরনের লেনদেনের নজির নেই।

হঠাৎ করে ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধানের শীষের প্রার্থী দুলু বলেন, তার শঙ্কা এই টাকা দিয়ে ভোট কেনাবেচা হতে পারে। সেকারণে তিনি ভোটের আগে এই টাকা লেনদেন বন্ধ চেয়ে নাটোর রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি রেজাউল করিম জানান, ৪ কোটি টাকা লেনদেন তাদের ব্যাংকের জন্য তেমন কোনো বড় বিষয় না। ভোটের মধ্যে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তাই তারা এটিএম বুথের জন্য এসব টাকা চাওয়া হয়েছে। এই লেনদেনকে সন্দেহভাজন ভাবার কোনো কারণ নেই।

নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার বলেন, লেনদেনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন জানান, ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেন।

রেজাউল করিম রেজা/এনএইচআর/জেআইএম