খেলাধুলা

ফাহিমার নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

নারী ক্রিকেটের উদীয়মান তারকাদের নিয়ে আয়োজিত ‘এশিয়া কাপ রাইজিং স্টার’ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ব্যাংককের স্পোর্টিং কন্ডিশন মাথায় রেখে অভিজ্ঞ এবং তারুণ্যের এক দারুণ মিশেল তৈরি করেছে বোর্ড। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফাহিমা খাতুন।

ফাহিমা ছাড়াও এই দলে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাসম্পন্ন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন। টপ অর্ডারে থাকছেন রুবাইয়া হায়দার ঝিলিক ও লতা মণ্ডল। বোলিং ইউনিটে থাকবেন ফারিহা ইসলাম ও সানজিদা আক্তার মেঘলার মতো কার্যকর পারফর্মাররা। এছাড়া শারমিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও তাজ নেহারদের অন্তর্ভুক্তি দলের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে।

টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড।

১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে। দ্বিতীয় ম্যাচে ১৬ ফেব্রুয়ারি টাইগ্রেসদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হবে ফাহিমা বাহিনী।

একনজরে বাংলাদেশ রাইজিং স্টারস স্কোয়াড: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

এসকেডি/একিউএফ