ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠকে সারা বছর খেলার উপযোগী করে তুলতে এগিয়ে এসেছে দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে বর্ষাকালে মাঠের বেহাল দশা দূর করতে ২ কোটি টাকা অনুদান দিয়েছে সংস্থাটি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘১৯৮৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক। ইংল্যান্ডে পিএইচডির পর সুযোগ ছিল সেখানে থাকার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আত্মিক টান থাকায় থাকিনি। এমন একটি ঐতিহ্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বর্ষাকালে খেলা যায় না।’
‘এ নিয়ে ডাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু মন্ত্রণালয়ের বাজেট ৫০ লাখের বেশি নেই। এজন্য আমি ক্রিকেট বোর্ডকে জানাই। বলামাত্রই বুলবুল ভাই, ফারুক ভাই, ফাহিম ভাই তাৎক্ষণিকভাবে সহায়তা করার জন্য সিদ্ধান্ত নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ সুন্দর ও খেলার পরিবেশ ভালো হলে এখান থেকে ক্রিকেটার ও অন্য খেলোয়াড় উঠে আসবে,’ যোগ করেন তিনি।
বিসিবি পরিচালক ও প্রখ্যাত কোচ নাজমুল আবেদীন ফাহিম মাঠটির গুরুত্ব ব্যাখ্যা করে জানান, জাতীয় দলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে ছিলেন। এখনো ক্রিকেট বোর্ডের অনেক খেলা অনুষ্ঠিত হয়। মাঠের উন্নয়ন হলে সেটা ক্রিকেটেরই উন্নয়নে ভূমিকা রাখবে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের মাধ্যমে সামাজিক অনেক ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা হয়। এই মাঠের সংস্কার প্রয়োজন ছিল। ক্রিকেট বোর্ড কার্যকর উন্নয়নের সুযোগ করে দিয়েছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মৌলিক সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম শারীরিক শিক্ষাকেন্দ্রের অবকাঠামোগত সমস্যা। বিসিবি সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই আমাদের স্যার ক্রীড়া উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।’
এসকেডি/একিউএফ