খেলাধুলা

এসিসির সভায় যোগ দিতে কুয়েতে বিসিবি সভাপতি

এশীয় অঞ্চলের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিশেষ সভায় অংশ নিতে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বুধবার কুয়েত সিটিতে শুরু হওয়া এই সভায় এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতেই কুয়েতের উদ্দেশে রওনা হন বোর্ড সভাপতি। আজ সকালে তিনি সেখানে পৌঁছেছেন এবং বিকেলের বৈঠকেই অংশ নেওয়ার কথা রয়েছে। সফরটি অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ায় দু’দিন পরই তিনি ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা চলছে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিসিবি ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে, শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই শুরু হয় বিশ্বমঞ্চের এই আসর। বাংলাদেশের এই কঠিন সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে শুরু থেকেই পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এমনকি এক পর্যায়ে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করারও কড়া সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনা ও বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে পিসিবি। বর্তমানে টুর্নামেন্টটি নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চললেও, মাঠের বাইরের এই ক্রিকেটীয় কূটনীতি এশিয়ার ক্রিকেটে নতুন মেরুকরণ তৈরি করেছে।

কুয়েতের এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ২০২৮-২০৩১ সালের মধ্যে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিয়েও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসকেডি/আইএইচএস/