দেশজুড়ে

দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক, প্রার্থীর দাবি পরিকল্পিত

কুমিল্লার মুরাদনগরে টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে আসেন। তবে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেলের দাবি বিএনপির লোকজন পরিকল্পিতভাবে তাকে টাকা দিয়ে ধরিয়ে দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে এক হাজার টাকার দুটি বান্ডেল জব্দ করা হয়।

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।

মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাওলানা হাবীবুর রহমান হেলালী তার ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে উপস্থিত জনতা তার গাড়িতে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে এক হাজার টাকার দুটি বান্ডেল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা হয়নি বিধায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল জাগো নিউজকে বলেন, মাওলানা হাবীবুর রহমান হেলালী ছালিয়াকান্দি এলকায় গিয়েছেন ভোটার স্লিপ নিয়ে। কিন্তু বিএনপির লোকজন পরিকল্পিতভাবে টাকা দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএন