আন্তর্জাতিক

এক প্রশ্নে ব্রেক্সিট, ৪ প্রশ্নে বাংলাদেশ: গণভোটের বৈশ্বিক গল্প

গণভোট হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ, এ পদ্ধতিতে সংসদ বা সরকার একা সিদ্ধান্ত না নিয়ে জনগণের মতামত জানতে চায় এবং জনতার ভোটের ফল চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হয়।

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনেও গণভোটের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে ৪ টি প্রশ্নে হ্যা-না ভোটের মাধ্যমে ৮৪ টি সংস্কারের বিষয়ে জনগণের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। যদিও বিশ্বের আলোচিত গণভোটগুলো কোনো একটি নির্দিষ্ট প্রশ্নে অনুষ্ঠিত হয়েছিল তবে বাংলাদেশের ক্ষেত্রে তা কিছুটা ব্যতিক্রম।

বিশ্বের আলোচিত কিছু গণভোট নিয়ে এ প্রতিবেদন লেখা হয়েছে।

ব্রেক্সিট গণভোট

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বেরিয়ে যাবে? এই একটি প্রশ্নকে সামনে রেখে যুক্তরাজ্যে ২০১৬ সালে অনুষ্ঠিত হয় গণভোট।

ওই গণভোটে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার ব্রেক্সিটের পক্ষে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় ৪৮ দশমিক ১ শতাংশ ভোটার।

এ গণভোটের ফলে যুক্তরাজ্য ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে আসে এবং ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসে।

দক্ষিণ সুদান স্বাধীনতা গণভোট

দক্ষিণ সুদান কি সুদান থেকে আলাদা হবে? এমন প্রশ্ন সামনে রেখে ২০১১ সালে সুদানে অনুষ্ঠিত হয় গণভোট। এ গণভোটে প্রায় ৯৯ শতাংশ ভোটার দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে ভোট দেয়। ফলে ২০১১ সালের ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান।

এটি বিশ্বের নবীনতম দেশ এবং একই বছর জাতিসংঘের ১৯৩তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। দীর্ঘ গৃহযুদ্ধের পর গণভোটের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়।

দক্ষিণ আফ্রিকার গণভোট

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হয় ১৭ মার্চ ১৯৯২ সালে। এটি ছিল বর্ণবাদী শাসন অবসানের পথে এক ঐতিহাসিক সিদ্ধান্ত।

১৯৯০ সালে প্রেসিডেন্ট এফ. ডব্লিউ. ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর ওপর নিষেধাজ্ঞা তুলে নেন এবং নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেন। এরপর গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের আলোচনা শুরু হয়।

এ গণভোটে শ্বেতাঙ্গ ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে, সরকার কি বর্ণবাদ অবসান ও নতুন সংবিধান প্রণয়নের আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাবে?

এমন প্রশ্নে প্রায় ৬৮ দশমিক ৭ শতাংশ ভোটার সংস্কার ও আলোচনার পক্ষে ভোট দেন। অন্যদিকে প্রায় ৩১ শতাংশ ভোটার বিপক্ষে ভোট দেন। এ ভোটাধিকার ছিল শুধুমাত্র শ্বেতাঙ্গ নাগরিকদের জন্য।

এই গণভোটের মাধ্যমে বর্ণবাদ প্রথার অবসানের পথ আনুষ্ঠানিকভাবে সুগম হয়। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সকল বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরই নেলসন ম্যান্ডেলা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ক্রিমিয়া গণভোট

ক্রিমিয়া কি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে? এমন প্রশ্নে ২০১৪ সালে ১৬ মার্চ ইউক্রেনের অঞ্চল ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। এ গণভোটে রাশিয়ায় যোগদানের পক্ষে বিপুল ভোট। প্রায় ৯৫ দশমিক ৫ শতাংশ ভোটার রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দিয়েছিল, তবে অনেকেই এই ভোট বর্জন করেছিলেন।

ফলে ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে যুক্ত হয় যদিও এ গণভোটকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং পশ্চিমা দেশগুলো এটিকে অবৈধ বলে।

কাতালোনিয়া স্বাধীনতা গণভোট

কাতালোনিয়া কি স্পেন থেকে স্বাধীন হবে? এমন প্রশ্নে ২০১৭ সালে অনুষ্ঠিত হয় গণভোট। এতে অধিকাংশ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দিলেও স্পেন সরকার এটি অবৈধ ঘোষণা করে। ফলে স্পেনে সাংবিধানিক সংকট ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

স্কটল্যান্ড স্বাধীনতা গণভোট

স্কটল্যান্ড কি যুক্তরাজ্য থেকে স্বাধীন হবে? এই একটি প্রশ্নকে সামনে রেখে ২০১৪ সালে স্কটল্যান্ডে গণভোটের আয়োজন করা হয়। ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্কটল্যান্ডের স্বাধীনতা গণভোটে ৫৫ দশমিক ৩ শতাংশ ভোটার যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে এবং ৪৪ দশমিক ৭ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেন। ফলে স্কটল্যান্ড যুক্তরাজ্যের অংশই থেকে যায়।

এই ঐতিহাসিক ভোটে ৮৫ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন, যা স্কটল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

বাংলাদেশের গণভোট (১৯৭৭)

বাংলাদেশে ৩০ মে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি জাতীয় গণভোট আয়োজন করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, কর্মসূচি ও নেতৃত্বের প্রতি সাধারণ মানুষ আস্থা রাখেন কি না? এই একটি প্রশ্নে গণভোট আয়োজিত হয়।

প্রায় ৯৮–৯৯ শতাংশ ভোট জিয়ার পক্ষে পড়ে। ফলে জিয়াউর রহমানের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন। এরপর ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে তিনি নির্বাচিত হন।

সূত্র: দ্য গার্ডিয়ান/আল-জাজিরা/আফ্রিকান নিউজ এজেন্সি/ উইকিপিডিয়া

কেএম