জাতীয়

সাত মাসের সন্তান কোলে বাইরে বাবা, ভেতরে ভোট দিচ্ছেন মা

রাজধানীর খিলগাঁও তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র, সময় তখন সকাল সাড়ে ৭টা। ভোটগ্রহণ শুরু হয়েছে মাত্র। ওই কেন্দ্রটি শুধু নারীদের জন্য।

ভোটকেন্দ্রের ঠিক উল্টো পাশের রাস্তায় তোয়ালে দিয়ে মোড়ানো সাত মাসের শিশুসন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নোমান হাসান। পাশে দাঁড়ানো ছয় বছরের আরেক সন্তান বাবার হাত ধরে নড়াচড়া করছে।

জানতে চাইলে নোমান জাগো নিউজকে বলেন, ‘ওদের মা ভেতরে ভোট দিচ্ছেন। আমাদের তিন সন্তান। আরেকজনকে বাসায় রেখে এসেছি আমার মায়ের কাছে।’

তিনি জানান, তার স্ত্রী ঢাকা-১১ আসনের ভোটার। তিনি এবং তার মা ঢাকা-১২ আসনের ভোটার। তিনজনের ভোটকেন্দ্র তিন জায়গায়। স্ত্রীর ভোট শেষে বয়স্ক মাকে নিয়ে যেতে হবে মধুবাগ। সেখানে আলাদা দুটি কেন্দ্রে তিনি ও তা মা ভোট দেবেন।

নোমান বলেন, ‘একবারে সকাল সকাল চলে এসেছি। ওর (স্ত্রীর) ভোট শেষ হলে মাকে নিয়ে যাবো। মা একা একা যাওয়া-আসা ও হাঁটাহাটি করতে পারেন না। মায়ের ভোট দেওয়া শেষ হলে উনাকে বাসায় রেখে সবশেষে আমি ভোট দিতে যাবো।’

নোমানের এসব কথাবার্তার মধ্যেই তার স্ত্রী ভোট দিয়ে বেরিয়ে আসেন। তিনি জানান, কেন্দ্রে খুব ভালোভাবে ভোট দিতে পেরেছেন। শুধু নারীকেন্দ্র হওয়ার কারণে ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ খুব ভালো।

ঢাকা-১১ আসনের ওই ভোটকেন্দ্রে ভোট শুরুর আগে থেকেই নারীদের লাইন ছিল। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৩৯ জন। সকাল ৭টায় সেখানে ১৬ জন নারীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ওই কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জাগো নিউজকে বলেন, ‘একেবারেই নিরবচ্ছিন্ন পরিবেশে ভোটগ্রহণ হবে বলে আশা করছি। এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে রয়েছে।’

এনএইচ/এমকেআর