প্রথমবারের মত ভোট দিতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্র মাহমুদ সালেহীন শাবাব জানান, খুবই ভালো লাগছে। পরিবেশ খুবই সুন্দর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্লবীর এম ডিসি স্কুল অ্যান্ড কলেজে আসেন ভোট দিতে। ঢাকা-১৬ আসনের এই ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘলাইন।
শাবাবের সঙ্গে এসেছেন তারা বাবা জাহিদ মাহমুদ। তিনি পেশায় ব্যাংকার। ছেলেকে ভোটকেন্দ্রে আনার পর তুলছেন ছবি। বললেন, তোমার প্রথম ভোট ছবি তুলে রাখি।
শাবাব জানান, কীভাবে ভোট দেবো তা জেনেছি। দুটি ভোট দিতে হবে, এটাও জানি। এ প্রসঙ্গে তার বাবা জাহিদ বলেন, আমার খুবই অসাধারণ লাগছে। আমি চাই ভোটটা যাতে নষ্ট না হয়। সরকারের সমালোচনা করি, কিন্তু আমাদের দায়িত্ব আছে। যদি ৫০ শতাংশের কম ভোট কাস্ট হয় তাহলে এটা সারাবিশ্বে বিতর্কিত হবে।
পল্লবীর এ ভোটার বলেন, কাকে ভোট দিচ্ছেন, এটা বিষয় না। ভোটে অংশ নিচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে আসা উচিত, এই সংস্কৃতি গড়ে ওঠা প্রয়োজন। সবাইকে বলছি ভোটকেন্দ্রে আসুন, চারদিনের ছুটিকে খিচুড়ি গরুর মাংসে সীমাবদ্ধ রাখবেন না।
আরেক ভোটার মৃণাল মাহমুদ বলেন, আগেই ভোটার হয়েছি। তবে এবারই প্রথম ভোট দিলাম। অনুভূতি খুবই ভালো।
২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে আজ। শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে সাড়ে চারটার সময় লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।
এসএম/জেএইচ