পুরান ঢাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন ভোটগ্রহণ শুরুর পরপরই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সবার আগে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। মুখে ছিল তৃপ্তির হাসি। বের হয়েই বন্ধুদের সঙ্গে খোশগল্পে নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রের সামনে এমন দৃশ্য দেখা যায়। প্রতিবেদক তার সঙ্গে কথা বলতে চাইলে, পাশে থাকা বন্ধুরাও একসঙ্গে ভোট দেওয়ার আনন্দের কথা জানান। পুরো সময়জুড়েই তাদের মুখে ছিল হাসি।
সিরাজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ভোটের পরিবেশ সুন্দর ছিল। কেন্দ্রে প্রবেশের পর প্রথমেই ভোট দেওয়ার সুযোগ পাই। দ্রুত ও সঠিকভাবে ভোট দিয়ে সবার আগে বের হতে পেরেছি।
তার সঙ্গে থাকা বন্ধুরা বলেন, তারা সবাই ফজরের নামাজ আদায় করে একসঙ্গে ভোট দিতে এসেছেন। অনেক বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তারা।
পরিবারের অন্য সদস্যরাও সকালে ভোট দিতে আসবেন বলে জানান সিরাজ উদ্দিন।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৩৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৫৪৫ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।
এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এমডিএএ /এসএনআর