ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার কাজটি গণমাধ্যমকর্মীরা যেন সহজভাবে প্রকাশ করতে পারে সেই জন্য নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বিশেষ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানান সংগঠনের সভাপতি কাজী জেবেল। আগারগাঁও নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের মঞ্চ তৈরি করেছে নির্বাচন কমিশন(ইসি)।
মঞ্চের কাছেই একটি বড় বুথ স্থাপন করা হয়েছে আরএফইডি’র জন্য। এখানে এই বুথে ফলাফলের অনুলিপি পাওয়া যাবে। যেটা ব্যবহার করে নির্ভুলভাবে স্ব স্ব কর্মক্ষেত্রে তথ্য সরবরাহ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্পের (ব্যালট) আওতায় সাংবাদিকদের জন্য বিশেষ রিসোর্স কার্ড সরবরাহ করা হবে। এই কার্ডের মাধ্যমে নির্বাচনকালীন সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় তথ্য এক জায়গায় সহজে পাওয়া যাবে। এই বিষয়ে কাজী জেবেল বলেন, আমরা এবরাই প্রথম আরএফইডি’র উদ্যোগে সংগঠনের সদস্যদের জন্য বিশেষ বুথ স্থাপন করেছি। পাশাপাশি ফলাফলের অনুলিপি সরবরাহ করবো। এছাড়া সাংবাদিকদের জন্য বিশেষ রিসোর্স কার্ড সরবরাহ করা হবে। যাতে করে সবাই নির্ভুলভাবে নিজ নিজ অফিসে তথ্য সরবরাহ করতে পারেন। অনেক সময় নির্বাচনের আসনভিত্তিক ফলাফলে ঘোষণায় অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে পড়ে। আমার মনে হয় সাংবাদিকরা যখন ফলাফলের অনুলিপি পাবেন তখন ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা থাকবে না। তিনি আরও বলেন, আপনারা হয়তো জানেন এবার গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফলাফল ঘোষণায় সময় লাগতে পারে। রাত গড়িয়ে সকাল হতে পারে। এখানের আশে পাশে খাবার একটা বড় সমস্যা দেখা দেবে। এই জন্য আমরা আরএফইডি’র সদস্যদের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা করেছি।’ এমওএস/জেএস/