দেশজুড়ে

টাঙ্গাইলের ৮টি আসনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪.৩৮ শতাংশ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে। ৮টি আসনে দুপুরে ১২টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৩৪.৩৮ শতাংশ। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এবার ৮টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র আছে ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে ৩৭ শতাংশ, টাঙ্গাইল-২ আসনে ৩৯ শতাংশ, টাঙ্গাইল-৩ আসনে ৩২ শতাংশ, টাঙ্গাইল-৪ আসনে ৩৭ শতাংশ, টাঙ্গাইল-৫ আসনে ৩২ শতাংশ, টাঙ্গাইল-৬ আসনে ৩৪ শতাংশ, টাঙ্গাইল-৭ আসনে ৩১ শতাংশ এবং টাঙ্গাইল-৮ আসনে ৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার ১ হাজার ৬৩ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৬ হাজার ৪৩১ জন এবং পোলিং অফিসার ১২ হাজার ৮৬২ জন দায়িত্ব পালন করছেন।

ভোটাররা বলেন, আগের থেকে ভোট সুষ্ঠু হচ্ছে। নির্বাচনের পরিবেশও ভালো। আমরা কোন বাধা ছাড়াই ভোট দিতে পারছি।টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি ও গুজব রটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সর্তক রয়েছে।এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এসইউ