শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন (৪৮) কে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেরপুর-১ (শেরপুর সদর) আসনের চরমোচারিয়া ইউনিয়নের ৯৮নং নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হতে বিএনপি নেতা মো. রাহাত হোসেন, বিএনপি কর্মী বাবুল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রুবেল মিয়াসহ ১৫ থেকে ১৬ জন বিএনপির নেতাকর্মী ভোট কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে অবৈধভাবে ভোট দেওয়া শুরু করেন।
তিনি বলেন, ওইসময় ধানের শীষ প্রতীক সম্বলিত অবৈধ সিল মারা ২৬ টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ফেলেন ও ব্যালট ক্রমিক নং- ০২৯৯৯০১-০৩০০০০০ নাম্বার যুক্ত গণভোট ও প্রতীক সম্বলিত ২টি ব্যালট পেপারের বই নিয়ে যায়। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পরিকল্পনা কমিশনের সহকারী সচিব শিবরাজ চৌধুরী, সেনাবাহিনীর টহল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মিজানুর রহমান ভুঁঞা বলেন, এসময় ছিনতাই হওয়া ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা কার্যক্রম শেষে ছিনিয়ে নেওয়া দুইটি ব্যালট পেপারের বই ও বক্সে রাখা ২৬ টি ব্যালট পেপার বাতিল করা হয়। পরবর্তীতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক মাসুদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া ১৯৭২ এর ৮১(১)(চ)(অ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আর একই কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্ট স্থানীয় হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল হোসেন (৪৮) কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই আসনের দিঘারপাড় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দুজন এজেন্ট হট্টগোল শুরু করায় তাদের আটক করে রাখা হয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উদয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা আটক থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শেরপুরের সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেলাল হোসেনকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
এমএনআইএম/এমএসএম/এমএন