মানিকগঞ্জে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে মানিকগঞ্জ-১, ২ ও ৩ আসনের একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালবেলায় ভোটার উপস্থিতি বেশ ভালো থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় কমে আসে।
সকালে মানিকগঞ্জ-৩ আসনের সদর উপজেলার গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে সাতটার দিকেই ভোটারদের দীর্ঘ সারি। পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গিলন্ড এলাকার বাসিন্দা মো. মনির হোসেন জাগো নিউজকে বলেন, আমি ঘুম থেকে উঠেই ভোট দিতে এসেছি। ভোট দিয়ে মাঠে কাজ করতে যাব, তাই সকালেই ভোটটা দিয়ে নিচ্ছি।
বেলা ১১টার দিকে মানিকগঞ্জ-১ আসনের বাঠইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি, পুরুষ ভোটার কম।
বাঠইমুড়ি এলাকার বাসিন্দা মো. মহিদ মিয়া বলেন, আমি সাড়ে দশটার দিকে কেন্দ্রে এসেছি। তখন অনেক মানুষ ছিল। আস্তে আস্তে মানুষ কমতে শুরু করেছে।
বেলা ১২টার দিকে মানিকগঞ্জ-২ আসনের হরিরামপুর আন্দারমানিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের সারি প্রায় সমান।
হরিরামপুর আন্দারমানিক এলাকার বাসিন্দা মো. সাইফুল শেখ বলেন, আমাদের এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সবাই ভোটকে উৎসব হিসেবে নিয়েই ভোট দিচ্ছেন। আমাদের এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাই সকালে ভোট দিয়ে অনেকেই মাঠে কাজ করতে চলে গেছেন। এ কারণে এখন তেমন ভিড় নেই।
দুপুর ২টার দিকে মানিকগঞ্জ-৩ আসনের সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্র প্রায় ফাঁকা। কোনো ভোটার লাইনে নেই। কয়েক মিনিট পরপর একজন-দুজন করে ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
অরঙ্গবাদ এলাকার বাসিন্দা কাজী অলিদ বলেন, সকালের দিকে ভোটারদের বেশ চাপ ছিল, এখন ভোটার নেই বললেই চলে। আমাদের এলাকায় কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হবে বলে আশা করছি।
জেলায় মোট ৫১৫টি কেন্দ্রে ২ হাজার ৬১৪টি কক্ষে ভোটগ্রহণ চলছে। জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৬৮ হাজার ৫২৩ জন, নারী ভোটার ৬ লাখ ৬৬ হাজার ১৬২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৯ জন।
মো. সজল আলী/এমএসএম/এমএন