দেশজুড়ে

যশোরে রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল চুরি

যশোর শহরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অস্বাভাবিক ঘটনায় ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন ঘটেছে। কেন্দ্রের নারী বুথ থেকে একটি অফিসিয়াল সিল চুরি হওয়ার অভিযোগ উঠেছে। ফলে বেশকিছু সময় ভোটগ্রহণ কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। এতে ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়।

ভোটারদের অভিযোগ, সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই নারী কক্ষ থেকে ব্যবহৃত একটি সিল হঠাৎ উধাও হয়ে যায়। ধারণা করা হচ্ছে, কোনো নারী ভোটার সুযোগ বুঝে সিলটি নিয়ে কেন্দ্র ত্যাগ করেন। দায়িত্বে থাকা কর্মকর্তাদের অসতর্কতা ও অব্যবস্থাপনার সুযোগেই এ ধরনের ঘটনা ঘটেছে। ফলে উপস্থিত ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‌‘সকালে নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সিল হারানোর কারণে সাময়িকভাবে ভোটগ্রহণের গতি কমে যায়। তবে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার পর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।’

মিলন রহমান/এসইউ