দেশজুড়ে

রূপগঞ্জ বিজয়ী বিএনপির মোস্তাফিজুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ মার্কায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ৬৫ হাজার ১৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জয় উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ।

১২৯টি ভোটকেন্দ্রে দিপু ভূঁইয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৪২১টি। অন্যদিকে তার নিকটততম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা সবকটি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৯০ হাজার ২৮৯টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৮২৯ জন।

এ দুই প্রার্থীর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও ৫জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ হাসেমী হাতপাখা মার্কায় পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট, গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক মার্কায় পেয়েছেন ২০৮ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান কাস্তে মার্কায় পেয়েছেন ২৫৮ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর রেহান আফজাল আপেল মার্কায় পেয়েছেন ২০০২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলাল হোসেন জাহাজ মার্কায় পেয়েছেন ৪৫৬ ভোট।

সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে ছিল।

মোট বৈধ ভোটের প্রায় ৬১ শতাংশই পেয়েছেন বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন প্রায় ৩৫ শতাংশ ভোট। তবে এ দুই প্রধান দল ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্য ৫ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।

ফল ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন। বিজয়ী প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনএইচএ/আইএইচএস