দেশজুড়ে

রাজবাড়ীর দুই আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে ১৫৭টি ভোটকেন্দ্রে মোট ৪ লক্ষ ৩০ হাজার ২১৫ জন ভোটারের মধ্যে ৬৩.২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট। এ ছাড়া জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস ‘গোলাপ ফুল’ প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। উল্লেখ্য, এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৫২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৭ হাজার ২৮৫টি।

এছাড়া রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৯টি ভোটকেন্দ্রে ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন ভোটারের বিপরীতে ৬৪.৮৯ শতাংশ ভোট পড়েছে। এখানে বিএনপির মো. হারুন-অর-রশিদ পেয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী জামিল হিজাযী ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু ‘কলস’ প্রতীকে ৩৬ হাজার ৩৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লক্ষ ৭ হাজার ৬২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লক্ষ ১৪ হাজার ৭৬৭টি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা সম্পন্ন করা হয়।

রুবেলুর রহমান/কেএইচকে