চুয়াডাঙ্গার জীবননগরের একটি খাল থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এক সপ্তাহ পর স্থানীয়রা খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি জীবননগর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিখোঁজ থাকার পর অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হুসাইন মালিক/এনএইচআর/এএসএম