নড়াইল সদর উপজেলায় আহসান আজিজুল হাকিম (৩২) নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
তিনি নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহসান জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক।
আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চলাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোরের দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন, তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।
রাজনৈতিক কারণে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি পুড়ে যেতে দেখেন।
এ ঘটনাকে তিনি ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারও ক্ষতি করা উচিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/এমএন/এএসএম