দেশজুড়ে

ধলুকে খাদ্য হুদাকে অর্থমন্ত্রী দেখতে চান নওগাঁবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর রাজনীতিতে বড় ধরনের সাফল্য পেয়েছে বিএনপি। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে দলটি। এখন স্থানীয়দের প্রত্যাশা কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বিশেষ করে নওগাঁ-৫ (সদর) ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে।

নওগাঁ-৫ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে খাদ্যমন্ত্রী এবং নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে অর্থমন্ত্রী হিসেবে দেখতে চান জেলাবাসী।

বদলগাছী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান বলেন, ‘আকিজ লজিস্টিকস লিমিটেডের প্রধান নির্বাহী কমকর্তা হিসেবে এক সময়ে বিশ্বের ২১টি দেশে প্রতিনিধিত্ব করেছেন ফজলে হুদা বাবুল। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় দেশীয় অর্থনীতির সব বিষয়ে খোঁজখবর রাখেন ফজলে হুদা বাবুল। দেশের অর্থনীতির চাকা সচল করতে কোন কৌশল অবলম্বন করতে হবে, সেটি তিনি ভালো বোঝেন। তাই জনপ্রিয়তা ও যোগ্যতা বিবেচনায় ফজলে হুদা বাবুল অর্থমন্ত্রী হওয়ার দাবি রাখেন।’

নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, ‘উত্তরের শষ্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা। এখান থেকেই সারাদেশের চালের বাজার নিয়ন্ত্রণ করা হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী সিন্ডিকেটে চালের বাজার অস্থির করার চেষ্টা করেছিল। সেই সময়ে জাহিদুল ইসলাম ধলু নিজে উদ্যোগ নিয়ে সিন্ডিকেট ভেঙে চালের বাজারে স্বস্তি ফিরে আনেন। তাই এসব দিক বিবেচনায় দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করতে হলে তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।’

বাংলাদেশ অটোমেটিক রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু বলেন, ‘সারাদেশের মানুষদের চালের চাহিদা পূরণ করে নওগাঁ। সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু ভাই একজন জনবান্ধব নেতা। ধান-চাল ব্যবসায়ীসহ কৃষকদের সুবিধা-অসুবিধা সবকিছুই তিনি নজরদারিতে রাখেন। সেই দিক বিবেচনায় তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে আমরা মনে করি।’

আরমান হোসেন রুমন/এসআর/এএসএম