ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পরাজিত হয়েছেন। অথচ, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন ফয়জুল করীম। কিন্তু, হাতপাখা প্রতীকে দলটি মাত্র ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এই তথ্য জানা গেছে। ইসি জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশে ৩০০ আসনে ২৫৭ প্রার্থী দিয়েছিল। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা।
এমওএস/এএমএ