আন্তর্জাতিক

এরদোয়ানের আমিরাত সফর স্থগিত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তার নির্ধারিত সফর আপাতত স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে তিনি ইউএইর প্রেসিডেন্ট মোহামেদ বিন জায়েদ আল-নাহিয়ানের অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট এরদোয়ানে দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়, ফোনে দুই নেতার মধ্যে কথা হয়েছে। ওই বার্তায় উল্লেখ করা হয়, আমিরাতের প্রেসিডেন্টের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন এরদোয়ান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বার্তায় আরও জানানো হয়, এরদোয়ানের সফরের নতুন তারিখ পরে জানানো হবে। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়, যদিও ততক্ষণে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবরটি প্রচার করে ফেলে। পরে সেসব সংবাদও সরিয়ে নেওয়া হয়।

এদিকে, আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও সফর স্থগিত হওয়ার কথা বা প্রেসিডেন্টের অসুস্থতার বিষয়ে কিছু জানায়নি।

শনিবার সন্ধ্যায় আমিরাতের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত ছবিতে মোহামেদ বিন জায়েদ আল-নাহিয়ানকে হাস্যোজ্জ্বল ও সুস্থ অবস্থায় দেখা যায়। ওই সময় তার সঙ্গে ছিলেন কাতারের আমির।

এ বিষয়ে এখনো তুরস্ক বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র: এএফপি

এমএসএম