বসন্তের আগমন মানে শীতের দাপট কমে যাওয়া এবং তাপমাত্রার ধীরে ধীরে বৃদ্ধি। সকালে চাদর চাপলেও ঘাম দেখা দেয়, দিনের বেলায় বাতাস ও সূর্যের তাপ ত্বককে প্রভাবিত করতে শুরু করে। এ সময় যেমন শরীরের খেয়াল রাখার পাশাপাশি ত্বকের দরকার বিশেষ যত্ন।
বিশেষ করে ব্রণ-প্রবণ বা তৈলাক্ত ত্বকের জন্য বসন্ত একটি চ্যালেঞ্জিং রিতু। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক অনেক সময় স্পর্শকাতর হয়ে ওঠে। যদি এই সময় ত্বকের যত্ন না নেওয়া হয়, তাহলে পরে ব্রণ, ফুস্কুড়ি বা হাইপারপিগমেন্টেশনের মতো সমস্যা দেখা দিতে পারে।
এ সময় ত্বকের যত্ন নেওয়ার প্রথম ধাপ হলো নিয়মিত মুখ পরিষ্কার রাখা। সারাবছরই দিনে দুইবার মুখ ধোয়া প্রয়োজন। সকালে ঘুম থেকে ওঠার পর বা গোসলের সময় মুখ পরিষ্কার করা উচিত, যাতে রাতের ঘুমের সময় ত্বকে জমে থাকা ঘাম, তেল বা ধুলা দূর হয়।
রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করা জরুরি। কারণ দিনের বেলায় ত্বকে জমে থাকা ধুলা, ময়লা এবং বায়ু থেকে ত্বককে সুরক্ষা দিতে এটি সহায়তা করে। নিয়মিত মুখ পরিষ্কার রাখলে ব্রণ, ফুস্কুড়ি এবং অন্যান্য ত্বকের সমস্যা দূর করে।
ময়শ্চারাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ। বসন্তের সময় ত্বক কখনও শুষ্ক হয়ে যায়, আবার কখনও অস্বাভাবিক ঘাম দেখা দেয়। তাই হালকা, জেলভিত্তিক ময়শ্চারাইজার বেছে নেওয়া সবচেয়ে ভালো। ভিটামিন বি এবং হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখে, তেলতেলে বা ভারি অনুভূতি তৈরি না করে। এটি ত্বককে কোমল রাখে এবং স্পর্শকাতর সমস্যা কমায়।
সূর্যের ইউভি রশ্মি থেকে সুরক্ষা দিয়ে থাকে। গ্রীষ্মকাল না হলেও বসন্তেও সূর্যের তাপ যথেষ্ট থাকে । ছাতা বা টুপি ব্যবহার করলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সানস্ক্রিন ত্বককে ব্রণ, হাইপারপিগমেন্টেশন, সানবার্ন এবং আগাম বয়সের দাগের মতো সমস্যার হাত থেকে রক্ষা করে। দিনে বাইরে বের হওয়ার আগে এসপিএফ যুক্ত সানস্ক্রিন লাগানো উচিত।
খাওয়াদাওয়া ঠিক না রাখলে ত্বকের সমস্যা কমানো যায় না। বসন্তের তাপমাত্রা বেড়ে গেলে ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যেতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করুন এবং মৌসুমি শাকসবজি ও ফল খাওয়া শুরু করুন। এই মৌসুমে সজনে ফুল, নিমপাতা, পালংশাক বা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে রক্ত পরিশুদ্ধ হয় এবং ত্বকের সমস্যা কমে। এছাড়া দুধ, বাদাম এবং খেজুরের মতো স্বাস্থ্যকর খাবারও ত্বককে সতেজ রাখে।
সতেজ, কোমল এবং উজ্জ্বল ত্বক ধরে রাখতে এই মৌলিক নিয়মগুলো অনুসরণ করলে বসন্তের আবহেও ত্বক থাকবে সুস্থ ও প্রাণবন্ত।
মুখের সঙ্গে সঙ্গে হাত, ঘাড় এবং শরীরের অন্যান্য অংশেও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সমানভাবে হাইড্রেটেড থাকে। এভাবে নিয়মিত যত্ন নিলে বসন্তে ত্বক হবে সতেজ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল ইন্ডিয়া, ফেমিনা
আরও পড়ুন:সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে কী হয় জানেন? ত্বকের উজ্জ্বলতায় ডিমের জাদুকরী ভূমিকা
এসএকেওয়াই/