ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সিইসিকে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে, আমরা পেয়েছি।
এদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। প্রথমে বিএনপি জোটের, এরপর জামায়াত জোটের এবং পরে স্বতন্ত্র প্রার্থীদের শপথ পড়াবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে, এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস- প্রতিটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জাগো নিউজকে বলেন, এমপিদের শপথ পড়ানোর জন্য আমরা সিইসিকে চিঠি দিয়েছি। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
এমওএস/এমএএইচ/