দেশজুড়ে

কুষ্টিয়ায় পরকীয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুলিবিদ্ধসহ আহত ৭

কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণনগর ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী শিহাব এলাকায় বিভিন্নজনের সঙ্গে পরকীয়ায় জড়িত বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণচেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন শিহাব। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে এলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালান।

এসময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ সাতজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম