জাতীয়

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্কহার ১৯ শতাংশে নেমে এসেছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি একটি কৌশলগত অগ্রগতি। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্কহার ৩৭ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক পণ্যে শূন্য শুল্ক সুবিধার বিষয়টি তুলে ধরে বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প উচ্চমূল্যের ও উন্নতমানের পণ্যে অগ্রসর হওয়ার সুযোগ পাবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাপান ও চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব, শিল্প বহুমুখীকরণ এবং অবকাঠামো উন্নয়নে অগ্রগতি হয়।’

তিনি বলেন, ‘গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রায় সরাসরি সম্প্রচারের সুযোগ, বিদেশি আইনজীবী নিয়োগ এবং অন্তর্বর্তী আপিলের বিধান যুক্ত করা হয়েছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয়—সে লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে।’

কেএসআর/আরএইচ