জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি গেলো সংসদ ভবনে

নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি গেলো জাতীয় সংসদ সচিবালয়ের দক্ষিণ প্লাজায়। দুপুর ১টা ৫ মিনিট থেকে গাড়িগুলো সচিবালয় ছাড়তে শুরু করে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িগুলো শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তাদের বাড়িতে যাবে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন লিঁয়াজো অফিসার রয়েছেন।

গাড়িগুলোর মধ্যে ৩৩টি টয়োটা ক্যামরি এবং ১৭টি মিৎসুবিশি ল্যান্সার।

শপথ অনুষ্ঠানে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুপুর ১২টার পর থেকে একাধিক মাইক্রোবাস সচিবালয় ছেড়ে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার থেকে গাড়িগুলো পরিবহন পুল থেকে সচিবালয়ে আসতে শুরু করে। পরিবহন পুলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৬৮ টি গাড়ি প্রস্তুত রেখেছিলেন। এরমধ্যে ৪৫টি গাড়ি প্রথমে সচিবালয়ে এনে রাখা হয়। এরপর আরও কয়েকটি গাড়ি আসে। 

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১১ টার দিকে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা মিলে ৮টি আসনে জয় পেয়েছে।

২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

তবে মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে দশভাগের নয় ভাগ সংসদ-সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাবেন। সর্বোচ্চ দশভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত (টেকনোক্র্যাট) হতে পারবেন বলে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া ২০ জন উপদেষ্টা রয়েছেন।ৎ

আরএমএম/জেএইচ