রাজনীতি

পৃথক শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ নেননি ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তিনি নিজ দলের সঙ্গে প্রথম দফায় শপথ নিতে পারেননি। পরে দ্বিতীয় দফায় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’র সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তবে দেরিতে পৌঁছানোর কারণে ইশরাক হোসেন ওই পর্বে অংশ নিতে পারেননি।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথের সময় তিনি তাদের সঙ্গে যোগ দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। এতে তিনি আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে দায়িত্ব নেন।

এবারের শপথ অনুষ্ঠানে ‘দ্বৈত শপথ’র বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। জামায়াত জোটের সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য এবং পরে ‘সংবিধান সংস্কার পরিষদ’র সদস্য হিসেবে পৃথকভাবে শপথ নেন। তবে ইশরাক হোসেন শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

একই সিদ্ধান্ত নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি।

বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, দলীয় এমপিরা শুধু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন; তারা কোনো বিশেষ সংস্কার পরিষদের সদস্য হবেন না। সেই অবস্থান অনুসারেই ইশরাক ও রুমিন ফারহানা শপথ গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমডিএএ/এমকেআর