দেশের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকারের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত ৬ কার্যদিবসে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে মোট দুই হাজার ১০০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আমদানিকৃত চালের সর্বশেষ চালানে ৩টি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট-নভেম্বর এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিক টন। চলতি মাসের ১৮ জানুয়ারি ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানি করা চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ দাম পড়ছে ৫০ টাকা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬ দিনে ৫৮টি ট্রাকে দুই হাজার ১০০ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মো. জামাল হোসেন/কেএইচকে/এমএস