দেশজুড়ে

রেকর্ড গড়লো মোংলা বন্দর, ৭ মাসেই ছাড়ালো গত বছরের লক্ষ্যমাত্রা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত অর্থবছরের পুরো সময়ের তুলনায় এবার মাত্র সাত মাসেই কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছাপিয়ে গেছে, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধির এক অনন্য মাইলফলক।

মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ পর্যন্ত মোট ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। এই সময়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত ২০২৪-২৫ অর্থবছরের মোট হ্যান্ডলিংয়ের (২১,৪৫৬ টিইইউজ) চেয়েও বেশি। শতাংশের হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে ৭৯.১৯ শতাংশ।

এছাড়াও গত সাত মাসে বন্দরে মোট ৫১৫টি বিদেশি জাহাজ আগমন করেছে এবং ৮২ লক্ষ ৬৬ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫.০৩ শতাংশ বেশি। একই সময়ে আমদানি হয়েছে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যদিয়ে সরকার গঠন করেছে। আমরা আশাবাদী, নতুন সরকারের নেতৃত্বে মোংলা বন্দরের মাধ্যমে জাহাজ আগমন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 এবং HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল ট্যাঙ্কার বার্থ ঘোষণা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, ইতোমধ্যে এই বার্থগুলোতে ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করেছে। এখন থেকে ৯ মিটার ড্রাফট ও ২০০ মিটার দৈর্ঘ্যের বড় জাহাজগুলো সরাসরি কার্গো অপারেশন করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি এবং মোংলা বন্দর সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।

আবু হোসাইন সুমন/কেএইচকে/এএসএম