যশোরের চৌগাছায় শুরু হয়েছে তিন দিনব্যাপী খেজুর গুড় মেলা। ‘যশোরের যশ, খেজুরের রস’—এ ঐতিহ্যকে ধরে রাখতে মেলার আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গুড় মেলা উপলক্ষে চৌগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমদ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাছিরা উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টলে নিজেদের তৈরি খেজুর গুড়, পাটালি ও কৃষিপণ্য নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেন চাষিরা।
মেলায় অংশ নেওয়া হাকিমপুর ইউনিয়নের মাঠ চাকলা গ্রামের গাছি আবদুল কুদ্দুস বলেন, ‘প্রতিবছর খেজুর গুড়ের মেলা হওয়ায় গাছিরা বেশি উপকৃত হচ্ছেন। গাছি ও ভোক্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে খেজুর গুড়ের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেজুর গুড়, পাটালির চাহিদা বেড়েছে। দামও বেশি পাচ্ছি। গাছিরা রস, গুড় ও পাটালির ন্যায্য দাম পাচ্ছেন।’
চৌগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, যশোরের সুনামের সঙ্গে মিশে আছে খেজুর গুড়ের ঐতিহ্য। যশোরের খেজুর রস-গুড়ের ঐতিহ্য কয়েকশ বছরের। জেলায় বছরে শতকোটি টাকার খেজুর গুড়, পাটালি তৈরি হয়। যশোরের গুড় পাটালির সুনাম রয়েছে দেশ-বিদেশেও। সময়ের পরিক্রমায় বিলুপ্তির পথে এ ঐতিহ্য। তাই খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রেখে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
ইউএনও তানভীর আহমেদ বলেন, যশোরে উৎপাদিত খেজুর গুড় অর্গানিক হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে। এ অঞ্চলের খেজুর গুড়, পাটালি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চৌগাছায় মেলার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও মেলা হচ্ছে।
তিনি আরও বলেন, খেজুর গুড় যশোরের জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। জেলায় প্রতিবছর শতকোটি টাকার গুড় উৎপাদন হয়। এই গুড়ের কদর দেশ-বিদেশে বিস্তৃতি লাভ করেছে।
মিলন রহমান/এসআর/এএসএম