লাইফস্টাইল

চুলার আগুন সমানভাবে ছড়াচ্ছে না? জানুন সমাধান

রান্না করতে গিয়ে কি দেখছেন - প্যানে একপাশের খাবার বেশি পুড়ে যাচ্ছে, অন্যপাশ ঠিকমতো গরমই হচ্ছে না? ভাজি হোক বা ডিম পোচ - সমান তাপ না পেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এ সমস্যার মূল কারণ হতে পারে চুলার বার্নার ঠিকমতো কাজ না করা।

সমান ও উচ্চ তাপ না পেলে রান্নার প্যান ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে হয়, যা সময় ও জ্বালানি - দুইয়েরই অপচয়। তবে চিন্তার কিছু নেই। গ্যাস বা ইলেকট্রিক - দুই ধরনের চুলার ক্ষেত্রেই এর সহজ কিছু সমাধান আছে।

চুলা সমানভাবে গরম হচ্ছে কি না বুঝবেন কীভাবে?

গ্যাস চুলা: বার্নারের একপাশে শিখা কম বা নেই? শিখা ছিটকে-ছিটকে জ্বলছে? এগুলো অসম তাপের লক্ষণ।

ইলেকট্রিক চুলা: যদি কয়েল গরম হলে লাল হয়ে ওঠে ও কিছু অংশ অন্ধকার থাকে, তবে তাপ ঠিকমতো পৌঁছাচ্ছে না।

আরেকটি সহজ পরীক্ষা হলো, ফ্ল্যাট-বটম প্যানে রুটি বা পাউরুটি সেঁকে দেখুন। যেদিকে দ্রুত রঙ ধরছে, সেটি হট স্পট; অন্যদিকে কম তাপ পাচ্ছে।

গ্যাস চুলার অসমান আগুন ঠিক করবেন যেভাবে

১. বার্নার ক্যাপ ঠিকমতো বসানবার্নারের ঢাকনা (ক্যাপ) যদি সোজা ও কেন্দ্রে না থাকে, তাহলে শিখা অসমান হবে। ক্যাপ খুলে ঠিকভাবে বসিয়ে নিন।

২. বার্নার হেড পরিষ্কার করুনখাবারের কণা বা তেল বার্নারের ছিদ্র (পোর্ট) আটকে দিলে আগুন বাধা পায়। তাই গ্রেট ও ক্যাপ খুলে নিন। বার্নার হেড গরম সাবান পানিতে ভিজিয়ে রাখুন। নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। ছিদ্রে আটকে থাকা ময়লা পেপার ক্লিপ দিয়ে আলতো করে বের করুন। ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে আবার লাগিয়ে নিন।

ইলেকট্রিক চুলার অসম তাপের সমাধান

১. ঠান্ডা হলে পরিষ্কার করুনকয়েল সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। কয়েল পানিতে ডুবাবেন না বা সাবান ব্যবহার করবেন না।

২. কয়েল বাঁকা হলে ঠিক করুনহিটিং এলিমেন্ট বাঁকা থাকলে প্যানের সঙ্গে সঠিক সংযোগ হয় না। আলতো করে সোজা করা যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বদলে ফেলা ভালো।

৩. পুরনো হলে বদলানসাধারণত ৫-১০ বছর পর হিটিং এলিমেন্টের কার্যকারিতা কমে যায়। প্রস্তুতকারকের নির্ধারিত মডেল অনুযায়ী নতুন কয়েল কিনুন বা টেকনিশিয়ানের সাহায্য নিন।

নিরাপত্তা সতর্কতা

বাংলাদেশে গৃহস্থালি অগ্নি দুর্ঘটনার বড় অংশই গ্যাস ও বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটে - এ তথ্য দিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাই বার্নার পরিষ্কার বা পরিবর্তনের সময় অবশ্যই গ্যাস সংযোগ বন্ধ রাখুন এবং ইলেকট্রিক চুলা হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।

চুলার বার্নার ঠিক থাকলে রান্না হয় দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী। সামান্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত পরীক্ষা আপনার রান্নাঘরকে রাখবে ঝামেলামুক্ত। মনে রাখবেন—সমান তাপ মানেই সমান স্বাদ।

সূত্র: সাউদার্ন লিভিং

এএমপি/এএসএম