দেশজুড়ে

গাজীপুরে পোশাক কারখানা লে-অফ ঘোষণা, অনিশ্চয়তায় ৭০০ শ্রমিক

গাজীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ লে-অফ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এতে সাত শতাধিক শ্রমিকের কর্মসংস্থান সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। বকেয়া বেতনসহ সামনের রোজা ও ঈদকে ঘিরে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কারখানার সামনে লে-অফ সংক্রান্ত নোটিশ টানানো হলে শ্রমিকরা কারখানা খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

গাজীপুর মহানগরীর গাছা থানার অধীন কলমেশ্বর এলাকার রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডে এ ঘটনা ঘটেছে।

কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) সই করা নোটিশে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে। অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।

লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এসময় তাদের কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ নোটিশের আওতার বাইরে থাকবেন।

কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। তবে গত মাসের বেতন এখন পর্যন্ত পাননি। এরই মধ্যে আজ সকালে কারখানায় এসে দেখেন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। রমজান সামনে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক বিকাশ চৌধুরী জানান, কারখানার সামনে লে-অফ নোটিশ টানানো হয়েছে। কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এ বিষয়ে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম