দেশজুড়ে

শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল

ফরিদপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে ফরিদপুর জেলখানার সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সমাবেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ লড়াইয়ে শামা ওবায়েদ ফরিদপুর এবং ঢাকার কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে আরও গতিশীল করেন। ফরিদপুর বিভাগ থেকে তার এই মন্ত্রিত্ব পাওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম