রোজার সন্ধ্যা মানেই ইফতারের টেবিলে রঙিন আয়োজন, প্রিয় মুখের গল্প আর স্মৃতির সুবাস। সেই আবহেই এবার পর্দায় আসছে ভিন্নধর্মী এক আয়োজন ‘ভালবাসার সেই স্বাদ’। প্রাণ গুঁড়া মসলা প্রেজেন্টস এই বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির। এই তারকা প্রথমবারের মতো রমজান উপলক্ষে নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন তার ভক্তদের সামনে।
টিম মায়ের দোয়া স্টুডিওজ আয়োজনে নির্মাণ করেছেন নাইন্টিজ কিডস ফিল্মসের নির্মাতা সাফায়েত হোসেন শাওন ও ফাহমিদা প্রেমা ।
‘ভালবাসার সেই স্বাদ’ রমজানজুড়ে প্রচারিত চ্যানেল আইয়ের পর্দায় প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে।এ অনুষ্ঠানে শুধু রান্না নয়, থাকবে ভালোবাসার গল্প, তারকাদের অজানা স্মৃতি আর পারিবারিক আবেগের মিশেল। ৩২ জন তারকার উপস্থিতিতে জমে উঠবে প্রতিটি পর্ব।একটি পর্বে মেয়ের সঙ্গে অতিথি হবেন অভিনেতা আজিজুল হাকিম
উপস্থাপক সাফা কবির বলেন, ‘আমি একজন ফুডি। খেতে যেমন ভালোবাসি, রান্না করতেও খুব ভালোবাসি। তাই রান্নার সঙ্গে সম্পর্কিত সবকিছুই আমার ভীষণ পছন্দ। প্রতি রমজানে আমি সাধারণত বিশেষ কিছু ইফতার রেসিপি তৈরি করে ভক্তদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এবার আমি এমন কিছু করতে যাচ্ছি, যা আগে কখনো করিনি। এই রমজান উপলক্ষে ‘ভালবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানে আমাকে দেখা যাবে।’
এর বিভিন্ন পর্বে দেখা যাবে নায়িকা রোজিনা, তমা মির্জা, তোসিফ মাহবুব, পার্থ শেখ, আজিজুল হাকিম, সাদিয়া আয়মান, মীর সাব্বির, রাজ, সাবিলা নূর এবং রায়হান রাফিসহ আরও অনেককে।
প্রতিটি পর্বে তারকারা রান্না করবেন তাদের ঘরের প্রিয় পদ। থাকবে নানির হাত থেকে মায়ের হাত ঘুরে এখন মেয়ের হাতের রান্নার একটি পর্ব। সবাই শোনাবেন রমজানকে ঘিরে ব্যক্তিগত স্মৃতি ও জীবনের গল্প। ইফতারের টেবিল ঘিরে জমে উঠবে হাসি-আড্ডা, কখনও নস্টালজিয়া, কখনও আবেগ।
এমআই/এলআইএ