মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আগত জনসাধারণ যেন শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়াতে হবে।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের মতামত উপস্থাপন করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সরবরাহ এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কেআর/এমআরএম