খেলাধুলা

শিরোপা দৌড়ে আরো একবার বড় ধাক্কা খেলো আর্সেনাল

আগের ম্যাচেও ড্র করেছিল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের কাছে পয়েন্ট হারালো প্রথমে। এরপর এফএ কাপে বড় জয় পেলেও ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একবার পয়েন্ট হারালো তার। এবার উলভারহ্যাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেলো মিকেল আর্তেতার শিষ্যরা।

তবে কি আগের তিন আসরের ভাগ্যই বরণ করতে যাচ্ছে গানাররা? এর মধ্যে সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমছাড়া তার আগের দুই মৌসুমেই লিগের প্রথম তিন ভাগের দুই ভাগ সময়ই পয়েন্ট টেবিলে এগিয়েছিল আর্সেনাল। ২০২৩-২৪ মৌসুমে একটা পর্যায়ে ম্যানসিটির চেয়ে এগিয়েছিল ৮ পয়েন্টের ব্যবধানে। ওই অবস্থায় একের পর এক ম্যাচ ড্র কিংবা হারতে থাকায় পয়েন্ট হারিয়ে পেছনে চলে যায় তারা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টাই সিটিই।

এবারও যেন সেই ঘটনারই পূনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। প্রায় ৯-১০ পয়েন্টের ব্যবধান এখন কমতে কমতে চলে এসেছে ৫ পয়েন্টে। ম্যানসিটি যদি পরের ম্যাচটি জিতে নিতে পারে, তাহলে সেই ব্যবধান দাঁড়াবে ২ পয়েন্টে। আর্সেনাল যেভাবে হোঁচট খেতে ওস্তাদ, তাতে সামনের ম্যাচগুলোতে আরও অনেক বেশি পয়েন্ট হারাবে না, তার নিশ্চয়তা কি! সুতরাং, মৌসুম শেষে শেষ হাসিটা হাসবে কি তাহলে ম্যানসিটিই?

পয়েন্ট টেবিলের একেবারে তলানির দল উলভারহ্যাম্পটনের মাঠে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ২টি মূল্যবান পয়েন্ট হারাতে হয় মিকেল আর্তেতার দলকে।

ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় টম এদোজির নাটকীয় গোলে সমতায় ফেরে উলভস। ফলে টানা দুই ম্যাচে পয়েন্ট হারায় আর্সেনাল। এখন তারা এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে মাত্র পাঁচ পয়েন্ট এগিয়ে। ২৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৮। সিটির পয়েন্ট ২৬ ম্যাচে ৫৩।

নতুন পাঁচ বছরের চুক্তির উদযাপনটা দারুণভাবেই করেছেন বুকায়ো সাকা। ম্যাচের ৫ম মিনিটে নাম্বার-১০ পজিশনে খেলতে নেমে মৌসুমের পঞ্চম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ডেকলান রাইসের নিখুঁত ক্রস থেকে ছয় গজ দূর থেকে হেডে বল হোসে সা’র পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান সাকা।

শুরুর দিকে দারুণ আক্রমণাত্মক ছিল আর্সেনাল। উলভস গোলরক্ষক হোসে সা একাধিক সেভ করে দলকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচান। পুরো প্রথমার্ধে উলভস বলের দখল আর্সেনালের হাতেই ছেড়ে দেয় এবং বিরতির ঠিক আগ পর্যন্ত তারা কোনো উল্লেখযোগ্য আক্রমণই গড়তে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা। তবে চাপ সামলে নিয়ে ৫৬তম মিনিটে প্রথম আক্রমণেই ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। গ্যাব্রিয়েলের পাস থেকে পিয়েরো হিঙ্কাপিয়ে গোল করেন। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

তবে ম্যাচে ফেরে উলভস। পাঁচ মিনিট পর (৬১তম মিনিটে) বক্সের বাইরে থেকে হুগো বুয়েনোর দুর্দান্ত কার্লিং শটে ব্যবধান কমে ২-১ হয়।

সমতার জন্য চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত যোগ করা সময়ে তাদের প্রচেষ্টা সফল হয়। বক্সে ভেসে আসা একটি ক্রস ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। সেই সুযোগে এদোজির জোরালো শট ডিফেন্ডার কালাফিওরির গায়ে লেগে জালে ঢুকে যায়।

এই ড্রয়ের ফলে সাত পয়েন্টে লিড বাড়ানোর সুযোগ হাতছাড়া করল লিগের শীর্ষে থাকা আর্সেনাল। অন্যদিকে শেষ মুহূর্তের সমতায় উচ্ছ্বাসে ফেটে পড়ে মোলিনিউ স্টেডিয়াম, আর প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই আরও জমে উঠল।

আইএইচএস/