পবিত্র রমজান মাসের সেহরির সময়ের সুযোগ নিয়ে বাসে করে ইয়াবা পাচারকালে ৩ হাজার পিস ইয়াবাসহ বগুড়ায় দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাত সোয়া দুইটার দিকে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল আজ ভোরে নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়। ভোর সোয়া দুইটার দিকে ঢাকা থেকে রংপুরগামী তাজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে বসা দুই যাত্রীর শরীর তল্লাশি করে ৩ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের কাছ থেকে ইয়াবাসহ দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, রমজানে সেহরির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কিছুটা শিথিল থাকতে পারে, এমন ধারণা থেকে তারা এই সময়টিকে মাদক পাচারের জন্য বেছে নিয়েছিলেন। বাসে তাদের কাছে কোনো টিকিট ছিল না।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে আজ সকালে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীরা ধর্মীয় আবেগের সময়টিকে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। কিন্তু আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলবি/এনএইচআর/এমএস