নানা জল্পনা শেষে রমজান উপলক্ষে আজ থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করে এ ছুটি ঘোষণা করে।
তবে রাতে দেওয়া ঘোষণার বিষয়ে অনেক অভিভাবক জানতে পারেননি। স্কুল থেকেও রাতে কোনো নোটিশ দেওয়া হয়নি। এতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাতসকালে স্কুলে গিয়ে ফিরে আসতে হয়েছে অনেক শিক্ষার্থী-অভিভাবককে। সকালে রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে এমন দৃশ্য দেখা গেছে।
রাজধানীর বাড্ডা, বনশ্রী, মালিবাগ, মতিঝিলসহ বিভিন্ন এলাকার স্কুলের সামনে সকালে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড় দেখা যায়। পরে তারা নোটিশ দেখে ফিরে যান। কোথাও কোথাও অভিভাবকরা সন্তানকে নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকলেও নোটিশ পাননি। পরে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তারা স্কুল ছুটির বিষয়টি জানতে পারেন এবং বাসায় ফিরে যান।
আরও পড়ুনরোজায় যে কারণে স্কুল খোলা রাখতে চায় শিক্ষা মন্ত্রণালয়রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই শুরু ছুটি
রমজানের প্রথম দিনে সেহরি-ফজরের নামাজ আদায় করে সাতসকালে স্কুলে এসে ফিরে যাওয়া অভিভাবকদের অনেকে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। বাড্ডার আলাতুন্নেছা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, এবার স্কুলের ছুটি নিয়ে নানান টালবাহানা দেখছি। এ সিদ্ধান্তটা একদিন আগে নিলে আমাদের এই ভোগান্তিটা পোহাতে হতো না।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক আকলিমা খাতুন বলেন, কাল (বুধবার) রাতে ফেসবুকে দেখলাম স্কুল ছুটি। কিন্তু বিশ্বাস করতে পারিনি। এবার তো দেখছি এক স্কুল ছুটি তো অন্য স্কুল বন্ধ। একবার হাইকোর্ট স্কুল বন্ধ করে দেন, আবার তা স্থগিত করে হয়। কোনটা রেখে কোনটা বিশ্বাস করবো বুঝে উঠতে পারিনি। সেজন্য স্কুলে এসে নিশ্চিত হলাম যে আসলেই ছুটি কি না।
একই স্কুলের আরেক অভিভাবক বলেন, রোজা রেখে বাচ্চাকে নিয়ে স্কুলে আসা অনেক কষ্টের। রাতে হঠাৎ ছুটি ঘোষণা করায় বিষয়টি না জানার কারণে আমাদের যাতায়াত ভাড়া এবং সময় দুটোই নষ্ট হলো।
আরও পড়ুনরমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিতরমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে ‘ধোঁয়াশা’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন।
অন্যদিকে, এবারের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, মাদরাসা ও কলেজে পুরো রমজান মাসে ছুটি রাখা হয়েছিল। ফলে এসব প্রতিষ্ঠানে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়েছে।
এএএইচ/এমকেআর