দেশজুড়ে

সততা-নীতির প্রশ্নে কোনো আপস নেই: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয় বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল।’

তিনি বলেন, ‘প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।এসময় নিজের দায়িত্ব গ্রহণের পরপর বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগির রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।’

এ সময় তার সঙ্গে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম