জাতীয়

শহীদ মিনারে জাতীয় পার্টির ব্যানার দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এসময় তাদের ব্যানার এবং ফুলও কেড়ে নেওয়া হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলের তোড়া হাতে শহীদ মিনারে প্রবেশ করেছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। তবে সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি। পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। একপর্যায়ে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়া হয়। পরে দলটির নেতা-কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি না দিয়েই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ছেড়ে চলে যান।

এনএস/এসআর