রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ৮ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে রোববার বিকেলে কাউনিয়া আমলি আদালতে এ চার্জশিট দাখিল করেন।সোমবার সকাল সাড়ে ১০টায় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল মালেক তার চেম্বারে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হলেন- জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (২৮), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া (৩২), আবু সাঈদ (২৮), সাদ্দাম হোসেন (৩২), আহসান উল্লাহ আনসারী (৩১), নজরুল ইসলাম (৩২) ও সাখাওয়াত হোসেন শফিক (৩০)।এদের মধ্যে মাসুদ রানা, ইছাহাক ও সাঈদের বাড়ি রংপুরের পীরগাছায়, লিটন মিয়ার বাড়ি বগুড়ার গাবতলী, সাদ্দাম হোসেন ও আহসান উল্লাহ আনসারীর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট, নজরুলের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ এবং সাখাওয়াতের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়।অভিযুক্তদের মধ্যে মাসুদ, ইছাহাক, লিটন ও সাঈদ গ্রেফতার হয়ে জেলহাজতে। অপর চার আসামিকে পলাতক দেখানো হয়েছে।প্রেস ব্রিফিংয়ে পিপি জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী মাসুদ রানা। ঘটনার দিন গত বছরের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ও তার দুই সহযোগী। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ওই দিনই পুলিশ কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির হীরা, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান বিপ্লবকে গ্রেফতার করে। পরে রাজীব হাসান সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল নামে আরও তিনজনকে গ্রেফতার করে বিভিন্ন সময়ে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।তিনি আরাে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার বিপ্লব, হীরা, সুমন, রুবেল ও কাজলের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে।এদিকে গত বছরের ১০ নভেম্বর রাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও মাজারের খাদেম রহমত আলীকে জবাই করে হত্যার পর পুলিশ মাসুদ রানা ও ইছাহাক আলীকে গ্রেফতার করে। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে খাদেম রহমত আলীসহ হোশি কুনিও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।মাজারের খাদেম রহমত আলী হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এদের মধ্যে হোশি কুনিও হত্যায় অভিযুক্ত আটজন খাদেম হত্যায় জড়িত রয়েছেন। অন্যরা হলেন জেএমবি সদস্য সরওয়ার, শাহাদৎ, তৌফিকুল, চান্দু, বাবুল আক্তার ও জাহাঙ্গীর।জিতু কবীর/এফএ/পিআর