রাজনীতি

পেছনে যাওয়ার কোনো পথ নেই, জিততেই হবে: সালাম

পোলিং এজেন্ট ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। জনগণ আমাদের পক্ষে আছে। জয় আমাদেরই হবে ইনশাল্লাহ। তবে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো ভুল করা যাবে না। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে জিততেই হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানী বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনি প্রধান কার্যালয়ে পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও নির্দেশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, প্রতিটি ভেন্যুতে একাধিক ভোটকেন্দ্র থাকায় সেগুলো সমন্বয়ের জন্য আলাদা করে ভেন্যু প্রধান নিয়োগ করা হয়েছে। মোট ৪৭টি ভেন্যুর জন্য ৪৭ জন ভেন্যু প্রধান দায়িত্বে থাকবেন। কোনো জরুরি প্রয়োজনে ভেন্যু প্রধানই সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পোলিং এজেন্টদের। কে কেন্দ্রীয় প্রধান, কে ভেন্যু প্রধান- এগুলো মুখ্য নয়; মুখ্য হলো পুলিং এজেন্টরা। কারণ, তাদের ওপরই নির্বাচনের ফলাফল নির্ভর করছে। সবাই যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে ইনশাল্লাহ আমরা জিতবো।

আবদুস সালাম বলেন, দলের জয়ই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কার কী দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। দলকে জেতাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক থাকতে হবে। কোনো অবস্থায়ই কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যেন ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন।

ভোটার উপস্থিতি নিশ্চিত করার গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভোট যত বেশি হবে, ততই দলের লাভ। ভোট যেন স্লো না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও দীর্ঘ লাইনে ভোটার দাঁড়িয়ে থাকলে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। ভোটের দিন সকালে ফজরের নামাজের পর সবাইকে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। খাবার দেরিতে হলেও সমস্যা নেই, কিন্তু কেন্দ্র ছাড়া যাবে না। পোলিং এজেন্টদের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোনার সময় নিজের কাছে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এতে কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে।

দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিতে না পারলে আগেই জানাতে হবে। বিএনপিতে দায়িত্বশীল মানুষের অভাব নেই।

আবদুস সালাম বলেন, এটি চেয়ারম্যানের নির্বাচন। এখানে কোনো সুপারিশের সুযোগ নেই। সবাইকে যার যার দায়িত্ব শতভাগ পালন করতে হবে। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে জিততেই হবে। জনগণ এখন প্রস্তুত। ধানের শীষ ছাড়া বিকল্প নেই এ কথা জনগণ বুঝে গেছে। এখন মাঠে থাকা ধান কেটে ঘরে তোলার দায়িত্ব আপনাদের। ইনশাল্লাহ, সবাই একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

কেএইচ/এএমএ