চট্টগ্রাম নগরের অক্সিজেন দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর ধসে পড়া সড়কসেতুটি পুনর্নির্মাণ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সেতুটি উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিক সূত্র জানায়, গত বছরের ৭ আগস্ট প্রায় ৫০ বছর পুরোনো সেতুটি বর্ষার সময় ধসে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে গত ডিসেম্বরে নতুন সেতু নির্মাণকাজ শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পুরোনো সেতুটি আধুনিক ভারবহন সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর একটি প্রকল্পের আওতায় শীতল ঝরনা খালের প্রশস্ততা ৬ মিটার থেকে ১৩ মিটারে বাড়ানো এবং গভীরতা বৃদ্ধি করা হয়। এতে পানির প্রবাহের গতি বেড়ে সেতুর ভিত্তির নিচ থেকে মাটি সরে যায়। ফলে উত্তর পাশের ইটের অ্যাবাটমেন্ট ভেঙে সেতুর একাংশ ধসে পড়ে।
মেয়র বলেন, সেতুটি হাটহাজারী সড়কের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ৭ কোটি ২০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পূর্ণাঙ্গভাবে নির্মিত হলে সেতুর প্রস্থ হবে ২৩ মিটার।
তিনি আরও বলেন, যানজট এড়াতে আপাতত সেতুর অর্ধেক অংশ প্রায় সাড়ে ৯ মিটার প্রশস্ত অংশ নির্মাণ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরোনো সেতুর অবশিষ্ট অংশ ভেঙে পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণ শুরু হবে। বাকি কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে।
অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম ও মাহমুদ শাফকাত আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/বিএ