জাতীয়

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা: বিভেদ নয়, ঐক্যের আহ্বান ইশরাকের

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘অতীতে ভুল থাকলেও সে বিষয়ে দলটি দেশে-বিদেশে অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছে। তাদের ভাষা সবার পছন্দ নাও হতে পারে। কিন্তু আমরা কি সেই বিভেদ আঁকড়ে ধরে জাতিকে আবারও বিভক্ত করে ধ্বংসের দিকে নিয়ে যাবো, যেমনটা বিগত সময় আওয়ামী লীগ করেছিল? নাকি ঐক্যবদ্ধ হয়ে দেশের সমস্যা সমাধান করবো, যেটা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য?’ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জায়গায় সবাই আসুক, এটাই প্রত্যাশা। তার মতে, অতীতের দ্বন্দ্ব সামনে রেখে নতুন করে সংঘাত সৃষ্টি না করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘একুশের প্রভাতফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে বিএনপির অংশগ্রহণ দীর্ঘদিনের। নানা বাধা, গ্রেফতার ও হয়রানির মধ্যেও তারা একুশকে ভুলে যাননি। বর্তমানে তুলনামূলক ভালো পরিবেশে শ্রদ্ধা জানানো সম্ভব হচ্ছে।’

আরও পড়ুনপ্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধামূল চ্যালেঞ্জ জনগণের প্রত্যাশা পূরণ: প্রতিমন্ত্রী ইশরাক

তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মধ্যদিয়ে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে। এখন মূল চ্যালেঞ্জ জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। নির্বাচন-পূর্ব অঙ্গীকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা এখনো বহাল রয়েছে বলেও জানান তিনি।

ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সেখান থেকেই মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়েছিল। সেই চেতনার মূল কথা ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। বাংলাদেশকে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। সেখানে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এমডিএএ/ইএ