রাজনীতি

এনসিপি নেতাকে হুমকির অভিযোগ, থানায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, তার নাম, তার বাবার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এনসিপির এই নেতা এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়, গতকাল শহীদ মিনারে ঘটে যাওয়া একটি ঘটনাকে উদ্ধৃত করে ফেসবুকে লেখা প্রকাশ করার পরপরই উপরোক্ত আইডিগুলো থেকে হুমকি দেওয়া শুরু হয়। উক্ত ঘটনায় এক ব্যক্তি শান্তিপূর্ণভাবে ‘No Entry Awami League’ লেখা প্ল্যাকার্ড ধরলে কয়েকজন আওয়ামীপন্থি আইনজীবী তা ছিনিয়ে ছিড়ে ফেলে এবং তাকে “রাজাকার” আখ্যা দিয়ে হামলার চেষ্টা করে; যার নেতৃত্ব দেয় আবুল বাশার নামে একজন আইনজীবী, যিনি পূর্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল করার দায়ে গ্রেফতার হয়েছিলেন।

বার্তায় আরও বলা হয়, এই প্রেক্ষিতে গতকাল রাত আনুমানিক ২টার দিকে হত্যা ও হামলার হুমকির অভিযোগে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে, যা বর্তমানে সাইবার ক্রাইম ইউনিটে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘ফ্যাসিবাদী আমল থেকে আমরা আওয়ামী লীগের হুমকি-ধমকির শিকার হয়ে আসছি। জুলাইয়ে লীগের গুলিতে আমার কমরেড শহীদ শাহীর মাথা এফোঁড়-ওফোঁড় হয়, আর কবি নজরুলের গেটে আমার বন্ধুর নিথর দেহ পড়ে ছিল। জুলাইয়ের শহীদদের রক্তের কসম-শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়ে যাবো। বাংলাদেশের জনগণের জন্য আমাদের জান কোরবান।’

 এনএস/এসএনআর