রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বেথুলিয়ার মিয়াপাড়া এলাকার কুদ্দুস ও বারেক শেখের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এতে ওই পরিবারের নারী-পুরুষ ও শিশুসহ ২০ জনের বেশি আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে ১৫ জনকে ভর্তি এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন চিকিৎসকরা। ভর্তি আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রোগী ও তাদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে রামকান্তপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূর্য মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি সূর্য মিয়ার নয়, কিন্তু তিনি জবরদখল করে রেখেছিলেন এবং এ জমি নিয়ে মামলাও চলমান রয়েছে। নিজেদের জমির দখল বুঝে নিতে চাইলে সোমবার সকালে সূর্য মিয়ার নেতৃত্বে তার ভাড়া করা লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে কুদ্দুস, খালেক ও বারেক শেখ গং পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে অন্তত ২০ জন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বেথুলিয়ায় এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করে বেশ কয়েকজনকে জখম করেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ জমি নিয়ে উভয় পক্ষের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আহতরা হলেন, আবু বক্কর (২৪), রাকিব মণ্ডল (২১), আব্দুল বারেক (৫০), মৌসুমী (৩৩), মনোয়ারা (৪৫), মুনিয়া (২০), হাসি (৪৫), মোস্তফা (৩৫), আতর শেখ (৫৫), নিঝুম (২০), ইদ্রিস (৪০), আব্দুল কুদ্দুস (৩৫), শাহীন (৩৫), দুলাল (৫৫), সিদ্দিক (৫০), আফাজসহ (৫০) ১৭ জন।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম