বিনোদন

বাফটার লালগালিচায় স্ত্রীকে নিয়ে রং ছড়ালেন বিটিশ রাজপুত্র

ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার ২০২৬–এর লালগালিচায় রাজকীয় আভিজাত্যে হাজির হলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়ামের সঙ্গে উপস্থিত হন তিনি। প্রায় তিন বছর পর এ আয়োজনে অংশ নিলেন ওয়েলসের রাজকুমারী।

এবার কেট বেছে নিয়েছিলেন ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড গুচির দুই রঙের একটি গাউন। এটি তিনি এর আগে ২০১৯ সালেও পরেছিলেন। পোশাকটিতে রাস্পবেরি গোলাপি, গোলাপি আভা ও গাঢ় বেগুনি রঙের সমন্বয় ছিল। বডিস অংশে কুঁচিকাটা নকশা এবং কোমরে মখমলি বেল্ট তার অবয়বে সংযোজন করেছে আলাদা মাত্রা।লম্বা ঢেউ খেলানো স্কার্ট ছুঁয়ে যায় লালগালিচা। ঝাড়বাতি নকশার দুল ও আকর্ষণীয় কাফ ব্রেসলেট ছিল তার অলংকারে। পাশ থেকে সিঁথি করা খোলা চুল নরম কার্লে নেমে আসে কাঁধজুড়ে।

এর আগে ২০২৩ সালে সর্বশেষ বাফটায় অংশ নিয়েছিলেন কেট। তখন তিনি আলেকজান্ডার ম্যাককুইনের নকশা করা পুনর্ব্যবহৃত একটি গাউন পরেছিলেন। ২০১৭ সালে প্রথমবার লন্ডনের বাফটা অনুষ্ঠানে যোগ দেন তিনি, সেবারও ছিল ম্যাককুইনের অফ-শোল্ডার নকশা। ২০১৮ সালে তার পোশাক তৈরি করেছিলেন ব্রিটিশ ডিজাইনার জেনি প্যাকহ্যাম।

তাদের এই উপস্থিতি সবার নজর কেড়েছে।

 

এলআইএ