খেলাধুলা

এখন পর্যন্ত কিছুই জানেন না হাবিবুল বাশার

‘আত্মীয়-স্বজনের অভিনন্দনে সিক্ত হতে হতে, আমি নিজেই এখন লজ্জিত। আমি এখন কারো ফোন ধরি না। ফেসবুক-সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে লেখা হচ্ছে, লিপু ভাইয়ের পর যেন আমিই প্রধান নির্বাচক হয়ে গেছি। আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না।’

যাকে নিয়ে এত কথা, যার মনোনয়ন প্রায় নিশ্চিত করে দেওয়া হয়েছে। তিনি যখন এই কথা বলেন, তখন তো আর বোঝার বাকি থাকে না যে, গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর হাবিবুল বাশার সুমনের প্রধান নির্বাচক হওয়ার খবরটা পুরোপুরি সত্য নয়।

জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও জাগো নিউজকে জানালেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

ফাহিম বলেন, ‘চূড়ান্ত হবে কী করে? আমরা তো কারো সঙ্গে কথাই বলিনি। না বলার যথেষ্ট কারণও আছে। বিসিবির সঙ্গে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ আছে ফেব্রুয়ারি মাসের শেষ দিন (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। তিনি যেহেতু চুক্তি বাড়াতে চান না, তাই আমাদের হয়তো বিকল্প খুঁজতে হবে। তবে পাকিস্তান সিরিজকে সামনে রেখে আমরা লিপুর সঙ্গে কথা বলে এক মাস তার চুক্তি বাড়িয়েছি। তিনি আরও এক মাস কাজ করবেন।’

তারপর কী হবে? ফাহিমের জবাব, ‘লিপু ভাই চলে গেলে প্রধান নির্বাচক তো নিয়োগ দিতেই হবে। বলতে পারেন, ভেতরে ভেতরে প্রক্রিয়া চলছে।’

সেই প্রক্রিয়ায় কি হাবিবুল বাশার সুমনের নাম আছে? ফাহিম সম্ভাবনা উড়িয়ে দিলেন না। তার কথা, ‘হ্যাঁ, থাকতেই পারে। আরও কিছু অপশনও আমাদের মাথায় আছে। সবার সঙ্গে কথা বলে তারপর আমরা একজনকে চূড়ান্তভাবে মনোনীত করব।’

ফাহিমের কথায় ইঙ্গিত পাওয়া গেলো, হাবিবুল বাশার সুমনও প্রধান নির্বাচক হতে পারেন, সেই সম্ভাবনাকেও একেবারে বাদ দেওয়া যায় না। তবে এখন পর্যন্ত কোনোকিছুই চূড়ান্ত নয়।

এআরবি/এমএমআর