দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কীভাবে গতিশীল করা যায়, সে বিষয়ে সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহাসচিব বলেন, বর্তমান সরকার আসার আগে তাদের নির্বাচনি ইশতেহারেও সার্ক বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্কের বিস্তৃত চিত্র তুলে ধরেছেন।
মহাসচিব আরও জানান, সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়েছে তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। মন্ত্রী জানতে চেয়েছেন, সার্ককে কীভাবে আরও গতিশীল করা যায়। মূলত, সার্কের বর্তমান পরিস্থিতি এবং এর কার্যক্রমের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে যেন সংস্থা অগ্রণী ভূমিকা রাখতে পারে।
সার্ক শীর্ষ সম্মেলনের সব দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মহাসচিব।
এর আগে, সোমবার সার্কের মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
জেপিআই/এএমএ