সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে যাদের প্রথম ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। এই ম্যাচটি তাই সালমান আলি আগাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচেও রয়েছে আবহাওয়া নিয়ে শঙ্কা। এই মাঠেই গ্রুপ পর্বে পরিত্যক্ত হয়েছিল জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি। ম্যাচটি মাঠে না গড়ানোয় কপাল পোড়ে অস্ট্রেলিয়ার।
সুপার এইটের শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচেও আশঙ্কা ছিল বৃষ্টির । তবে সেদিন বৃষ্টি না হওয়ায় ঠিকঠাক মাঠে গড়ায় ম্যাচটি। ৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
যেহেতু পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে তাই এই ম্যাচটি নিয়ে একটু বাড়তি দুশ্চিন্তায় থাকবে দেশটির সমর্থকরা।
তবে আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে কিছুটা স্বস্তির খবর। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা আকুওয়েদারের তথ্যমতে, পাল্লেকেলেতে আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। মাত্র ৬ শতাংশ বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৬৮ শতাংশ।
সুপার এইটের গ্রুপ ২-এ এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহও ১ পয়েন্ট। এক ম্যাচ খেলে এখনো পয়েন্টশূন্য শ্রীলঙ্কার। তাদের অবস্থান চতুর্থ স্থানে।
আইএন